হারিয়ে যাওয়া ফটোসাংবাদিক গোলাম মাওলা
হারিয়ে যাওয়া ফটোসাংবাদিক গোলাম মাওলা জন্য অনেকদিন থেকে কিছু লেখার চেষ্টা করছিলাম। আজকের এই ব্লগটি নিঃস্বার্থ এই মানুষটির জন্য।
বাংলাদেশে যাঁরা সিনিয়ার ফটোসাংবাদিক তাঁরা সবসময় উদাসীন থেকেছেন নিজেদের অথবা সহকর্মীদের জীবনবৃত্তান্ত সংরক্ষণ করার কাজে। যাঁরা ফটোসাংবাদিকায় নতুন এসেছেন বা এ বিষয়ে পড়াশুনা অথবা গবেষণা করতে চান তাঁদের কথা মাথায় রেখে এ কাজটি করা উচিৎ। দৈনিক বাংলা পত্রিকার চীফ ফটোগ্রাফার গোলাম মাওলা-র ছবি ও তথ্য খুঁজতে গিয়ে Google থেকে তেমন কিছু উদ্ধার করতে পারলাম না।
অনেক খোঁজাখুঁজি করে ‘৭১ : বিস্মৃত ছবিঅলা’ নামে দু একটি ওয়েবসাইটে কিছু তথ্য পেলাম তবে তাঁর একটি Portrait ছবি কোথাও পেলাম না। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির মাসিক News Letter পত্রিকাগুলি খোঁজ করতে গিয়ে অবশেষে ১৯৮৩ সালের সংখ্যায় সম্পাদকিয়তে পেলাম সেই বিখ্যাত মানুষটির মৃত্যু সংবাদ সঙ্গে একটি ঝাপসা ছবি।
![]() |
| গোলাম মাওলা, উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে |
আরো খুঁজতে গিয়ে ১৯৮৩ সালের এপ্রিল মাসের সংখ্যায় পেলাম আবদুল মালেক বাবুল (FBPS) -এর স্মৃতিচারণমূলক লেখা ও ১৯৮৪ সালের একটি সংখ্যা থেকে বেশ কিছু তথ্য। অবশেষে গত ১৫-১১-২০১৬ ইং তারিখে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে গিয়ে অফিস পক্ষে টাঙ্গান ১৯৭২ সালে মোঃ আলমের তোলা ফটো সাংবাদিকদের প্রথম সংগঠন (ফটো একাডেমী) এর সদস্যদের সাথে গণভবনে বঙ্গবন্ধু সহ তের জন ফটো সাংবাদিক গ্রুপ ছবির মাঝে তাঁকে খুঁজে পেলাম।
অবশেষে যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তা দিয়ে নাহিদ হোসেনের সহযোগিতায় গত ২৪ নভেম্বর ২০১৬ তারিখে উইকিপিডিয়াতে তাঁর নামে একটা পাতা খোলার সৌভাগ্য হয়েছে। এখন থেকে উইকিপিডিয়ায় গোলাম মাওলা লিখে সার্চ দিলে তার পৃষ্ঠাটি প্রথমে চলে আসবে। কেউ যদি এই হারিয়ে যাওয়া ফটোসাংবাদিক গোলাম মাওলা সম্বন্ধে আরও কিছু তথ্য দিতে পারেন তবে এই পৃষ্ঠাটি আরো সমৃদ্ধ হবে।




0 comments :
Post a Comment